বাংলাদেশ

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ ১৪:৩৯

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

ছবি সংগৃহীত :

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ মো. নিশান ওরফে ছোট নিশান নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৯ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

 

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, একটি ফোল্ডিং নাইফ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা পোদ্দার বাজার এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছোট নিশানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তল ও গুলি জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল বলে জানান তিনি।

নিশানের বিরুদ্ধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

মিঠুন কুমার কুণ্ডু জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন