ছবি: সংগৃহীত
হাসান মাহমুদের রেকর্ডগড়া দুরন্ত বোলিংয়ে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। একাই ৬টি উইকেট শিকার করে অজি ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেন এই ডানহাতি পেসার।
ডারউইনের পেস সহায়ক উইকেটে শুরু থেকেই টাইগার পেসারদের দাপট লক্ষ্য করা যায়। দ্বিতীয় সেশন শেষে ৪ উইকেটে ১০৯ রান যোগ করলেও বাংলাদেশি পেস আক্রমণের মুখে বেশি দূর এগোতে পারেনি অজিরা।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৭১ রান করা স্টিভ স্মিথকে ৫১তম ওভারের পঞ্চম বলে ক্যাচ বানিয়ে নিজের ৫ উইকেট পূর্ণ করেন হাসান মাহমুদ। এরপর শেষ উইকেটটিও নিজের ঝুলিতে পুরে ৬ উইকেটের কোটা পূরণ করেন তিনি। বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ ৩ বার ৫ বা তার বেশি উইকেট নেওয়ার এক অনন্য ইতিহাস গড়লেন হাসান। ভারত, পাকিস্তান ও ইংলিশ কাউন্টি ক্রিকেটের পর এবার অস্ট্রেলিয়ার মাটিতেও নিজের বোলিং কারিশমা দেখালেন এই তরুপ পেসার।
দ্বিতীয় সেশনে স্মিথ ও অ্যালেক্স ক্যারির গড়ে ওঠা ৫৫ রানের জুটি ভেঙে ড্রেসিংরুমে পাঠান পেসার ইবাদত হোসেন। এরপর দ্রুত রান তোলার চেষ্টা করা বো ওয়েবস্টারকে গতি ও সুইংয়ে পরাস্ত করেন তাসকিন আহমেদ। কামিন্স ও মিচেল স্টার্ককেও একে একে সাজঘরে পাঠান হাসান মাহমুদ।
এর আগে, প্রথম সেশনে ১১.৪ ওভার থেকে ২২ ওভার– এই ৬২ বলের মধ্যে অস্ট্রেলিয়ার ৪ উইকেটের পতন ঘটায় বাংলাদেশের তিন পেসার।
সব কটি উইকেট হারিয়ে ৫৩ ওভারে ১৯৮ রানেই থামে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। সবগুলো উইকেট গেছে পেসারদের পকেটে। তাসকিন ও ইবাদত নেন ২টি করে উইকেট।
খেলাধুলা থেকে আরো পড়ুন