ছবি: সংগৃহীত
গোল করে সমর্থকদের সঙ্গে উদযাপন করতে গিয়ে স্টেডিয়ামের টানেলে পড়ে আহত হয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার জাসি মারানহাও। তবে চোটের কষ্টের সঙ্গে যোগ হয়েছে আরও বড় হতাশা অফসাইডের কারণে বাতিল হয়েছে তার করা গোলটি।
ঘরের মাঠ কৌতো পেরেইরা স্টেডিয়ামে শাপেকোয়েন্সের বিপক্ষে খেলছিল কোরিতিবা। ম্যাচে জাসি মারানহাও বক্সের ভেতর থেকে নিখুঁত হেডে গোল করে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান।
গোলের পরপরই সমর্থকদের সঙ্গে উদযাপন করতে ছুটে যান এই ডিফেন্ডার। বলটি জার্সির ভেতর লুকিয়ে প্রথমে বিজ্ঞাপনী বোর্ডের দিকে এগিয়ে যান তিনি। এরপর বোর্ড টপকে মাঠের ওপারে যাওয়ার জন্য লাফ দেন। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি।
যেখানে লাফ দিয়েছিলেন, সেখানে ছিল স্টেডিয়ামের প্রবেশপথের একটি টানেল। ফলে মাটিতে না পড়ে সরাসরি টানেলের ভেতরে পড়ে যান মারানহাও। কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরার দৃষ্টির আড়ালে চলে যান তিনি। কী ঘটেছে, তা বুঝতে কাছাকাছি থাকা সবাইও ছুটে আসেন।
পরে নিজের চেষ্টায় টানেল থেকে বেরিয়ে এলেও ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন মারানহাও। গোল উদযাপনের আনন্দ মুহূর্তেই পরিণত হয় দুশ্চিন্তায়।
তবে ম্যাচের পর তার জন্য অপেক্ষা করছিল আরও বড় ধাক্কা। ভিডিও রিভিউয়ের পর দেখা যায়, গোলের সময় অফসাইডে ছিলেন মারানহাও। ফলে বাতিল করা হয় তার গোলটি। অর্থাৎ যে গোল উদযাপন করতে গিয়ে চোট পেয়েছিলেন, শেষ পর্যন্ত সেই গোলের স্বীকৃতিই পাননি তিনি।
অবশ্য মারানহাওয়ের দল কোরিতিবা শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে। তবে গোল বাতিল এবং অদ্ভুতভাবে চোট পাওয়ার কারণে রাতটি ব্রাজিলিয়ান ডিফেন্ডারের জন্য হয়ে থাকল এক দুঃস্বপ্নের অভিজ্ঞতা।
খেলাধুলা থেকে আরো পড়ুন