সিলেট শিক্ষা বোর্ডে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৩৫ হাজার ৫৩০ জন ছাত্র এবং ৫৩ হাজার ৮৯১ জন ছাত্রী।
এ বছর পাস করেছে ৫১ হাজার ৯৫৭ জন। তাদের মধ্যে ১৯ হাজার ৮৮৯ জন ছাত্র এবং ৩২ হাজার ৬৮ জন ছাত্রী।
গত বছর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ।
তবে পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন। এবার পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন, যা গত বছরের তুলনায় ২২২ জন বেশি।
এ বছর চার জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল সিলেট জেলায়। এ জেলায় পরীক্ষার্থী ছিল ৩৫ হাজার ৩৩১ জন। তাদের মধ্যে ছাত্র ১৪ হাজার ৩২১ জন এবং ছাত্রী ২১ হাজার ১০ জন।
মৌলভীবাজারে পরীক্ষার্থী ছিল ১৯ হাজার ৯১৩ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৬৩১ জন এবং ছাত্রী ১২ হাজার ২৮২ জন।
সুনামগঞ্জে পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ৩৮৩ জন। তাদের মধ্যে ছাত্র ৭ হাজার ৫১৫ জন এবং ছাত্রী ১০ হাজার ৮৬৮ জন।
হবিগঞ্জে পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৭৯৪ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৯ হাজার ৭৩১ জন।
সিলেট থেকে আরো পড়ুন