ছবি সংগৃহীত :
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা আলমগীর কুমকুম।
বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি হয়। শুনানিতে উপস্থিত ছিলেন মামলার বাদী আলমগীর কুমকুম।
শুনানি শেষে সাংবাদিকদের কাছে একটি স্ক্রিনশট দেখিয়ে আলমগীর কুমকুম দাবি করেন, সালমান শাহর এক ভক্ত মামুনের সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি লাইভ ভিডিওতে ‘শাকিল কিবরিয়া’ নামের একটি আইডি থেকে হুমকি দেওয়া হয়েছে।
স্ক্রিনশটে থাকা বার্তায় বলা হয়েছে, ‘মামুন, নীলা চৌধুরীকে বলো সালমানের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে। তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে (সালমান শাহর ভাই) হত্যা করবো।’
আলমগীর কুমকুম বলেন, এ ঘটনায় তিনি রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। তার ভাষ্য, সালমান শাহ হত্যা মামলাটি রমনা থানায় দায়ের হওয়ায় সেখানেই বিষয়টি জানানো হবে।
এদিকে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হলেও এ বিষয়ে আদালতের সিদ্ধান্তের বিস্তারিত জানা যায়নি।
বিনোদন থেকে আরো পড়ুন