ছবি: সংগৃহীত
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে একটি সরকারি অনুষ্ঠানে বলিউড ভাইজান সালমান খানের উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে আগের তুলনায় অনেকটাই রোগা ও কিছুটা ক্লান্ত দেখায়। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও উদ্বেগ।
অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়ককে এমনভাবে দেখে তারা চিন্তিত। কেউ কেউ তার অসুস্থতা নিয়েও নানা ধরনের জল্পনা-কল্পনা শুরু করেন।
অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন সালমান খান। তিনি জানিয়েছেন, অসুস্থতার কারণে নয়, নতুন সিনেমার একটি চরিত্রের জন্যই তিনি ১৬ কেজি ওজন কমিয়েছেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানভিত্তিক আয়োজনে ভাই সোহেল খানকে সমর্থন জানাতে গিয়ে সালমান বলেন, আমি ১৬ কেজি ওজন কমিয়েছি।
অভিনেতার এই শারীরিক পরিবর্তনের পেছনে রয়েছে কঠোর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চা। মজা করে তিনি বলেন, আমার তো প্রতিদিনই ছুটির দিনের খাবার। তবে বাস্তবে তার খাদ্যতালিকা বেশ নিয়ন্ত্রিত। সালমান জানান, তিনি দিনে মাত্র এক টেবিলচামচ ভাত খান। মূলত প্রোটিনসমৃদ্ধ খাবারই তার দৈনন্দিন খাদ্যতালিকায় থাকে। পাশাপাশি সকাল ও সন্ধ্যায় নিয়মিত কঠোর ব্যায়ামও করেন।
৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার ৬০ বছর বয়সী এই অভিনেতার বর্তমান ওজন ৭৫ কেজি। নতুন চরিত্রের জন্য শরীরকে নির্দিষ্টভাবে গড়ে তুলতেই তিনি এই কঠোর প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন।
জানা গেছে, শিগগিরই দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার সঙ্গে নতুন একটি সিনেমায় দেখা যাবে সালমান খানকে। ধারণা করা হচ্ছে, সেই সিনেমার চরিত্রের প্রয়োজনেই তিনি এই শারীরিক পরিবর্তন এনেছেন।
বিনোদন থেকে আরো পড়ুন