হবিগঞ্জের লাখাই উপজেলায় আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আয়োজিত পূজা অনুষ্ঠানে ঘরে তৈরি ও চা বাগান থেকে আনা চোলাই মদ পান করার পর এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার (৩০ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের সুদেব দাস (৬০), তার ছেলে সুজিত দাস (৩৫), সুবি রবিদাস (৪৫) এবং হবিগঞ্জ সদর উপজেলার চৌধুরীবাজার এলাকার রঞ্জিত কুরি (৩৬)। তবে পরিবারের দাবি-সুবি রবিদাস মদ পান করার পর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের বিশ্বম্ভপাড়ায় আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একটি পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন ঘরে তৈরি এবং চা বাগান থেকে আনা কথিত চোলাই মদ পান করেন। পরে তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।
গুরুতর অবস্থায় সুদেব দাস, সুজিত দাস, সুবি দাস ও রঞ্জিত কুরিকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ও বৃহস্পতিবার পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার রাত ১০টায় সময়ের আলোকে জানান, সংবাদ পেয়ে পুলিশ নিহতদের বাড়িতে যায়। সেখানে একজনের মরদেহ পাওয়া গেলেও অন্য তিনজনের মরদেহ পুলিশকে না জানিয়েই সমাহিত করা হয়েছে।
তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মদের উৎস, এতে কোনো বিষাক্ত উপাদান ছিল কি না এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সিলেট থেকে আরো পড়ুন