২৪ এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর হয়েছে। আগামী পাঁচ বছর পর কাউকে আর আওয়ামী লীগ করতে দেখা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেয়নি। যাদের আওয়ামী লীগ ধ্বংস করতে চেয়েছিলো তারা কিন্তু দেশে আছে।
শুক্রবার (৩১ জুলাই) সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
এ সময় সারজিস আলম বলেন, ‘বিএনপি যদি স্বৈরাচার হতে চায় আমরা তাদের স্বৈরাচার হতে দেব না। আমরা সমালোচনা করেই যাব। চাঁদাবাজি, টেন্ডারবাজির জন্য সঠিক সেবা জনগণ পায় না। ফেরাউন হলেও তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। সামনে বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে। শুধু সময়ের অপেক্ষা।’
তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে। সিস্টেম নষ্ট নয়ে গেলে কেউ ছাড় পাবেন না। আমাদের লড়াইটা দলীয় লড়াই না, আমাদের লড়াই ন্যায়-অন্যায়দের মধ্যে। দেশকে লুটেরাদের হাত থেকে যদি তারেক রহমান রক্ষা করতে না পারে তাহলে আমরা ছাড় দেব না।’
সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ৫৩ বছর ধরে আমরা বঞ্চিত৷ আমি একা বলে বিপদে পড়ে গেছি৷ বাংলাদেশে চাঁদাবাজি করতে দেয়া হবে না৷ আমাদের সঙ্গে সরকার গাদ্দারি করছে৷ কাউকে চাঁদা দিবেন না, ঘুষ দেব না এই অঙ্গীকার করেন৷ আমরা জনগণের পক্ষে কথা বলি। আমাদের কোনো পদের দরকার নাই।’
তিনি আরও বলেন, ‘হাসিনা দেশে নামার সঙ্গে সঙ্গে তার ফাঁসি কার্যকর করবে বাংলাদেশের জনগণ।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সিলেটের সীমান্ত হত্যা নিয়ে কোনো নেতা কথা বলে না, কারণ রাতে তারা বাটোয়ারা পায়। ১৪০০ শহীদের বিচার না হলে আমরা ক্ষমতা হাতে নেব। বাংলাদেশে কোনো প্রতিশ্রুতি কাজ করে না। হাদির হত্যাকারীর বিচার করতে হবে৷ নাসিরুদ্দিনকে কেউ পকেটে নিতে পারবে না।
সিলেট থেকে আরো পড়ুন