প্রতিকী ছবি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- খলাপাড়া গ্রামের বাসিন্দা রুবেল মিয়ার ছেলে রিফাত মিয়া (৪) ও মেয়ে সাফা আক্তার (২)।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে এলাকার অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল রিফাত ও সাফা।
একপর্যায়ে সাফা পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বড় ভাই রিফাতও পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী বলেন, ঘাগড়া এলাকা থেকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে, হাসপাতালে আসার আগেই তারা মারা যায়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন