ছবি: সংগৃহীত
নওগাঁর পোরশায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাতকইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কাতকইল (বিলপাড়ার) গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন ও একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।
নিহত আব্দুল আজিজের প্রতিবেশী বড় ভাই তোফায়েল আহমেদ বলেন, বুধবার সকালে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি শুকিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তারা।
এরপর পানি শুকিয়ে সকাল ১০টার দিকে মাছ ধরে বাসায় নিয়ে আসেন। এরপর দুপুর ১টার দিকে আবারও তারা বিলে মাছ ধরতে যান।
সেখানে তারা আগে বৈদ্যুতিক মোটর চালু করে রেখে এসেছিলেন। এর মধ্যে কোনো এক সময় বৈদ্যুতিক তারে লিকেজ হয়ে পানিতে বিদ্যুৎ সংযোগ পায়।
পানিতে নামতেই প্রথমে মাহবুবুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তিনি পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে আব্দুল আজিজও বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলের পাশে কাজ করছিলেন নিহত মাহবুবুরের চাচা ফারুক হোসেন। পরে তিনি অন্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে তাদের মৃত্যু হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন