সিলেট

এনসিপির নেতাদের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি 

নতুন সিলেপট প্রতিবেদক:

নতুন সিলেপট প্রতিবেদক:

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ ১৫:৩৬

এনসিপির নেতাদের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি 

সকল রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে সংগঠনটি। একই সঙ্গে সিলেটে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শাস্তি এবং আগামী ৩০ ও ৩১ জুলাই দলের ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

বুধবার (২৯ জুলাই) সিলেটে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন ডেকে এসব দাবি তুলে ধরেন এনসিপির সিলেট জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে দেশে কোনো ধরনের মব হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক ঘটনায় প্রশাসন রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

জুনেদ আহমদ অভিযোগ করেন, সম্প্রতি সিলেটে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন সাংবিধানিক অধিকার। কোনো দলের নেতাকর্মীদের ওপর হামলা বা ভয়ভীতি সৃষ্টি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হবিগঞ্জের রাজনৈতিক নেতা জি কে গউসকে নিয়েও বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন জুনেদ আহমদ। তবে অভিযোগগুলোর পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এ সময় তিনি জানান, আগামী ৩০ ও ৩১ জুলাই সিলেটে কয়েকটি উপজেলার এনসিপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি চলাকালে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির সিলেট জেলা ও উপজেলা পর্যায়ের দলটির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়। তালিকায় রয়েছেন এনসিপি সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমেদ, সদস্য সচিব কামরুল আরিফ, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান খাঁন, সিনিয়র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলাল, সামসুল ইসলাম ও নুরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব সাদি জামালি, সদস্য আলমাস মিয়া ও সুয়েব আহমদ।

এ ছাড়া এনসিপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন উসমানীনগর উপজেলার হাজী মোসাহিদ আলী, কোম্পানীগঞ্জ উপজেলার উবায়েদ আহমেদ এবং গোয়াইনঘাট উপজেলার মনসুরুল হাসান।

উপজেলা পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আহ্বায়ক সুমেল মিয়া, উসমানীনগর উপজেলা সদস্য সচিব মনিরুল সাকিব, গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সিলেট সদর উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, বিশ্বনাথ উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম খলিলুল্লাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুগ্ম সম্পাদক তানজিল আহমদ, সিলেট সদর উপজেলা সদস্য সচিব জাকির হোসেন এবং সিলেট সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. সামসুল আলম।

সিলেট থেকে আরো পড়ুন