প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ ১৭:৫৭
রাষ্ট্রপতির পদে সর্বজনশ্রদ্ধেয়, গ্রহণযোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিকে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া সেলের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদ বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদগুলোর একটি হলেও বর্তমান ব্যবস্থায় এর কার্যকর ভূমিকা সীমিত।”
অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, “রাষ্ট্রের সংকটময় সময়ে দায়িত্ব পালনকারী কয়েকজন রাষ্ট্রপতি তাদের শপথ ও সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা রাখতে পারেননি। এমনকি জাতীয় দুর্যোগ ও গণহত্যার মতো ঘটনাতেও প্রত্যাশিত দায়িত্বশীলতা দেখা যায়নি।”
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে এমন একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত, যিনি সর্বজনশ্রদ্ধেয়, গ্রহণযোগ্য ও দায়িত্বশীল।”
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল এসব বিষয় বিবেচনায় নিয়ে যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করবে।
আগামীকাল শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। রাজশাহী থেকে শুরু হওয়া বিভাগীয় সমাবেশের ধারাবাহিক কর্মসূচির সমাপনী আয়োজন হবে সিলেটে। সমাবেশ থেকে নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন জোটের নেতারা।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
তিনি আরো জানান, গণভোট বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে সমাবেশ থেকে নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
সিলেট থেকে আরো পড়ুন