সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৬৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) এসএমপি সূত্রে জানানো হয়, মঙ্গলবার (২১ জুলাই) রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, চোর, বিনা পরোয়ানার আসামি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতারকৃত ব্যক্তিসহ মোট ১০৭ জনকে আটক করা হয়।
অভিযানকালে ৩৬৭ পিস ভারতীয় শাড়ি, ৭২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ৭৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৮৯টি যানবাহন আটক করে। সব মিলিয়ে ১৬৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে মহানগরজুড়ে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন