হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকা থেকে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের গর্জন কাঠ ও লুকিয়ে পরিবহনকালে একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, এর আগে সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সীমান্ত এলাকার মাধবপুরের জগদীশপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। চালক টহল দল দেখে গাড়ি ফেলে পালিয়ে গেলে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় গাড়িসহ ওই পরিমাণ কাঠ জব্দ করা হয়। জব্দকৃত মালামাল যথাযথ নিয়ম অনুসরণ করে সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বিজিবি বিন্দুমাত্র ছাড় দেবে না। বিশেষ করে সীমান্ত সংলগ্ন সাতছড়ি, রেমা-কালেঙ্গাসহ সংরক্ষিত বনাঞ্চলগুলো সুরক্ষায় আমরা আরও কঠোর অবস্থান গ্রহণ করব। দেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডেপুটি রেঞ্জার মো. মোবারক হোসেন বলেন, জব্দকৃত গর্জন কাঠগুলো আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রচলিত বন আইন ও বিধিমালা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। জেলার সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় ৫৫ বিজিবির এ ধরনের অপারেশনাল কার্যক্রমের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
সিলেট থেকে আরো পড়ুন