সিলেট

মৌলভীবাজারে জলপ্রপাত থেকে ১০ শিক্ষার্থীকে উদ্ধার 

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ ১৯:১২

মৌলভীবাজারে জলপ্রপাত থেকে ১০ শিক্ষার্থীকে উদ্ধার 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ জন শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ কল পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থানীয় বাসিন্দাদের সহায়তায় এক যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

​​পুলিশ জানা যায়, সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা থেকে ১০ সদস্যের এই পর্যটক দলটি হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। জলপ্রপাতে যাওয়ার পথে দুর্গম পাহাড়ি রাস্তায় তাদের মধ্যে একজন শিক্ষার্থী পা পিছলে পড়ে গিয়ে হাতে গুরুতর আঘাত পান।

​পাহাড়ি পথ অত্যন্ত দুর্গম হওয়ায় এবং আহত সহযাত্রীকে নিয়ে হেঁটে ফিরে আসা অসম্ভব হয়ে পড়ায় পুরো দলটি বনের মধ্যে আটকে পড়ে। কোনো উপায় না দেখে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল করে উদ্ধার করার জন্য আকুল আবেদন জানান।

​এর আগে ​জাতীয় জরুরি সেবা (৯৯৯)-এর মাধ্যমে বিকেল ৩টার দিকে খবর পায় কমলগঞ্জ থানা পুলিশ। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম স্থানীয় লোকজনকে সাথে নিয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে।

​সবাই মিলে অত্যন্ত দক্ষতার সাথে অনুসন্ধান চালিয়ে বিকেল পৌণে ৫টায় আটকে পড়া ১০ জন পর্যটককে অক্ষত ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। তবে আহত শিক্ষার্থী অনিক ছাড়া উদ্ধার হওয়া শিক্ষার্থীদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম উদ্ধারের এ তথ্য  নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃতদের মধ্যে আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি ৯ জন সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে রয়েছেন। তিনি দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের সবসময় সতর্ক থাকা ও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সিলেট থেকে আরো পড়ুন