ছবি: সংগৃহীত
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি টহল দল তাদের আটক করে।
আটকরা হলো- নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং একই উপজেলার মৌলভী গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)।
বিজিবি সূত্র জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভারতে বসবাসরত তাদের চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। অর্থের বিনিময়ে তাদের ভারতে পার করে দেওয়ার চেষ্টায় স্থানীয় একটি দালাল চক্র জড়িত রয়েছে।
জড়িত দালালরা হলো— শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মো. মামুন (২২), একই গ্রামের মো. কালু মিয়া (৩৫) এবং চান্দাপাড়া গ্রামের মো. মাসুদ মিয়া (২৫)।
এ ঘটনায় আটক দুই কিশোরকে আইনি ব্যবস্থার জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, অবৈধভাবে ভারতে গমনে সহায়তাকারী স্থানীয় ওই তিন দালালকে পলাতক আসামি করে শ্রীবরদী থানায় একটি নিয়মিত মামলা করেছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান রোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবির 'জিরো টলারেন্স' নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন