ছবি: সংগৃহীত
গলায় অতিরিক্ত শ্লেষ্মা বা কফ জমার পেছনে পরিবেশগত ও জীবনযাপনের বিভিন্ন কারণ থাকতে পারে। ঘরের শুষ্ক বাতাস, পর্যাপ্ত পানি পান না করা, নির্দিষ্ট কিছু ওষুধ সেবন এবং ধূমপানের অভ্যাসের কারণে এ সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া অ্যাসিড রিফ্লাক্স, অ্যালার্জি, হাঁপানি ও শ্বাসতন্ত্রের সংক্রমণের মতো শারীরিক সমস্যাও গলায় অতিরিক্ত শ্লেষ্মা তৈরি করতে পারে।
শ্লেষ্মা মূলত নাক ও শ্বাসনালির নিচের অংশে তৈরি হয়। প্রদাহ বা জ্বালাপোড়ার প্রতিক্রিয়ায় এর উৎপাদন বেড়ে যেতে পারে। এটি শ্বাসতন্ত্রকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্বাসনালিকে আর্দ্র রাখার পাশাপাশি বাতাসের সঙ্গে প্রবেশ করা ধুলাবালি ও ক্ষতিকর পদার্থ আটকে ফেলতে সাহায্য করে। কাশির সঙ্গে যে শ্লেষ্মা বের হয়ে আসে, তাকে সাধারণত কফ বলা হয়।
গলায় অতিরিক্ত কফ জমার কারণ
জীবনযাপন ও পরিবেশগত বেশ কিছু কারণে গলায় অতিরিক্ত শ্লেষ্মা জমতে পারে। এর মধ্যে রয়েছে ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক থাকা, পর্যাপ্ত পানি ও অন্যান্য তরল পান না করা এবং শরীর থেকে পানিশূন্যতা তৈরি করতে পারে এমন পানীয় বেশি গ্রহণ করা। কফি, চা ও অ্যালকোহলজাতীয় পানীয় অতিরিক্ত পান করলেও এ সমস্যা বাড়তে পারে।
এ ছাড়া কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় গলায় শ্লেষ্মার পরিমাণ বেড়ে যেতে পারে। এর মধ্যে নির্দিষ্ট কিছু জন্মনিয়ন্ত্রণের ওষুধ এবং এসিই ইনহিবিটর শ্রেণির ওষুধ রয়েছে। ধূমপানের অভ্যাসও গলায় অতিরিক্ত কফ জমার অন্যতম কারণ।
বিভিন্ন শারীরিক সমস্যার কারণেও শ্লেষ্মা উৎপাদন বেড়ে যেতে পারে। যেমন—অ্যাসিড রিফ্লাক্স, অ্যালার্জি, হাঁপানি এবং সাধারণ সর্দি-কাশির মতো শ্বাসতন্ত্রের সংক্রমণ। এ ছাড়া দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, সিস্টিক ফাইব্রোসিস এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) মতো ফুসফুসের রোগেও অতিরিক্ত শ্লেষ্মা তৈরি হতে পারে।
গলায় অতিরিক্ত কফ কমানোর উপায়
গলায় অতিরিক্ত কফ জমলে কিছু ঘরোয়া যত্নের মাধ্যমে অস্বস্তি কমানো সম্ভব। এ ক্ষেত্রে হালকা গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করা উপকারী হতে পারে। পাশাপাশি ঘরের বাতাসে আর্দ্রতা বাড়াতে হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে।
শরীর আর্দ্র রাখতে পর্যাপ্ত পানি ও অন্যান্য তরল পান করাও জরুরি। এতে শ্লেষ্মা পাতলা হতে এবং গলায় জমে থাকা কফের অস্বস্তি কমাতে সহায়তা করতে পারে।
তবে দীর্ঘদিন ধরে গলায় অতিরিক্ত কফ জমলে কিংবা এর সঙ্গে শ্বাসকষ্ট, জ্বর বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
লাইফস্টাইল থেকে আরো পড়ুন