ছবি: সংগৃহীত
ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছিলেন অভিনেতা সোহেল খান। কিন্তু শুটিংয়ে আর যাওয়া হয়নি তার। প্রস্তুতি নেওয়ার কিছুক্ষণের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নেন এই অভিনেতা। তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী দীপা খন্দকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল সোহেল খানের। তবে হোটেলকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন দীপা খন্দকার। সেখানে তিনি লেখেন, ‘আহা কী দারুণ। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তৈরি, তারপর ১ মিনিটেই বিদায়। অভিনেতা হিসেবে এমন বিদায় ভাগ্যের বিষয়।’
পোস্টের শেষে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
সোহেল খানের এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত তার সহকর্মী ও ভক্তরা। শুটিংয়ের জন্য প্রস্তুত হওয়া থেকে জীবনের শেষ মুহূর্ত- ঘটনাটি সহকর্মীদের মনে গভীর বেদনার স্মৃতি হয়ে থাকবে।
বিনোদন থেকে আরো পড়ুন