প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ১৩:৩৮
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বর্তমান ও সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ২৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর বাজারসংলগ্ন খেয়াঘাটের পশ্চিম পাশে বেড়িবাঁধের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মামলার পর গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে জাহিদ হাসান (২৬), একই গ্রামের বাবর আলীর ছেলে সানোয়ার আহমেদ (২৫) এবং শাহগঞ্জ গ্রামের সোহেল মিয়ার ছেলে রুবেল মিয়া (২২)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার রাতে সোলেমানপুর বাজারসংলগ্ন খেয়াঘাটের পশ্চিম পাশে বেড়িবাঁধের কাঁচা রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী জড়ো হন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশের দাবি, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করা, সরকারি কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাহিরপুর থানার গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের পরিকল্পনা নিয়ে তারা গোপন বৈঠক করছিলেন।
এমন তথ্যের ভিত্তিতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে উপপরিদর্শক (এসআই) মো. সাদেক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে একটি লাল-কালো রঙের পুরোনো ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেলসহ আটক করা হয়।
মামলার এজাহারে নাম থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন এবং তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন