বাংলাদেশ

সন্তানের সামনে স্ত্রীকে হ'ত্যা, স্বামীর মৃ'ত্যুদণ্ড

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ ১৯:২২

সন্তানের সামনে স্ত্রীকে হ'ত্যা, স্বামীর মৃ'ত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রী ছালেহা বেগমকে হত্যার দায়ে স্বামী মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী থানার খাদিমারচর এলাকার মৃত আবুল খালেকের ছেলে। তিনি আড়াইহাজারের কলাগাছিয়া উত্তরপাড়া এলাকায় বসবাস করতেন।

আদালত সূত্রে জানা গেছে, সৌদি আরব প্রবাসী ছালেহা বেগম হত্যাকাণ্ডের প্রায় দুই মাস আগে দেশে ফিরেছিলেন। ২০১৯ সালের ৯ অক্টোবর রাত ১টার দিকে ছালেহা নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। ওই সময় আসামি মোবারক হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন ঘরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, সহযোগীরা ছালেহার পা ধরে রাখলে মোবারক হোসেন অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। সে সময় সন্তানের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘরের ভেতর ছালেহার রক্তাক্ত মরদেহ দেখতে পান।

এ ঘটনায় আড়াইহাজার থানা পুলিশ মোবারক হোসেনকে আটক করে। পরে ভিকটিমের মেয়ে সুমাইয়া (১১) ও ছোট বোন পারভীনসহ স্বজনদের অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালের ৯ অক্টোবর আড়াইহাজার থানায় মামলা হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল আসামি মোবারক হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড ও জরিমানার আদেশ দেন আদালত।

বাংলাদেশ থেকে আরো পড়ুন