তথ্য প্রযুক্তি

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’, মুছে যাবে সব তথ্য

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ১৬:৩১

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’, মুছে যাবে সব তথ্য

ছবি: সংগৃহীত

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬-এর পর একই মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা সব অতিরিক্ত প্রোফাইল স্থায়ীভাবে মুছে ফেলা হবে। ইতিমধ্যে নতুন করে অতিরিক্ত প্রোফাইল তৈরির সুবিধাও বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এতে ব্যবহারকারীদের মূল ফেসবুক প্রোফাইলের কোনো প্রভাব পড়বে না।

মেটা জানিয়েছে, এত দিন একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ ছিল। ব্যক্তিগত আগ্রহ, পছন্দ কিংবা নির্দিষ্ট কমিউনিটির সঙ্গে যুক্ত থাকার জন্য ব্যবহারকারীরা এসব প্রোফাইল ব্যবহার করতেন। প্রতিটি প্রোফাইলের জন্য আলাদা বন্ধু তালিকা, নিউজ ফিড এবং গ্রুপ ও পেজ অনুসরণের সুবিধাও ছিল।

অতিরিক্ত প্রোফাইলগুলো মূল প্রোফাইল থেকে আলাদা হলেও একই মেটা অ্যাকাউন্টের অধীনে পরিচালিত হতো। ফলে একটি লগইন তথ্য ব্যবহার করেই সব প্রোফাইলে প্রবেশ করা যেত। তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এ সুবিধা আর থাকবে না।

মেটার সিদ্ধান্ত অনুযায়ী, একই মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা সব অতিরিক্ত প্রোফাইল মুছে ফেলা হবে। তবে ব্যবহারকারীরা আলাদা মেটা অ্যাকাউন্ট তৈরি করে থাকলে সেসব অ্যাকাউন্টের প্রোফাইল এ সিদ্ধান্তের আওতায় পড়বে না।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করলেও বিভিন্ন উপায়ে সেগুলোর সঙ্গে মূল প্রোফাইলের সম্পর্ক শনাক্ত করা সম্ভব। একই নাম বা ছবি ব্যবহার, একই ব্যক্তিদের বন্ধু হিসেবে যুক্ত করা, একই গ্রুপে যোগ দেওয়া, একই পেজ অনুসরণ কিংবা একই পোস্টে প্রতিক্রিয়া জানানোর মাধ্যমে অন্যরা প্রোফাইলগুলোর যোগসূত্র বুঝতে পারেন।

এ ছাড়া অতিরিক্ত প্রোফাইলের কার্যক্রমের তথ্য ব্যবহার করে মেটা তার বিভিন্ন সেবায় ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কনটেন্ট ও বিজ্ঞাপন প্রদর্শন করে। একটি প্রোফাইলে ব্যবহারকারীর কার্যক্রমের ভিত্তিতে অন্য প্রোফাইলেও বন্ধু, গ্রুপ, পেজ ও বিভিন্ন কনটেন্টের সুপারিশ দেখানো হতে পারে।

অতিরিক্ত প্রোফাইলগুলোর গোপনীয়তা ও নোটিফিকেশন সেটিংস আলাদাভাবে নিয়ন্ত্রণের সুযোগ ছিল। কারা পোস্ট দেখতে পারবেন, কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং কে প্রোফাইলে ট্যাগ করতে পারবেন, তা নির্ধারণ করতে পারতেন ব্যবহারকারীরা। একটি প্রোফাইল থেকে কাউকে ব্লক করলেও অন্য প্রোফাইলে সেই ব্লক স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হতো না।

মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইল ব্যবহারকারীদের মূল প্রোফাইলও অন্যদের কাছে সুপারিশ করা হতে পারে। ফোন নম্বর বা ই-মেইল ঠিকানার মাধ্যমে মূল প্রোফাইল খুঁজে পাওয়ার অনুমতি চালু থাকলে অন্যরা সেটি সহজেই খুঁজে পেতে পারেন। একইভাবে, ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একই মেটা অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকলেও মূল প্রোফাইল অন্যদের কাছে সুপারিশ হতে পারে।

এদিকে, মেটা ধাপে ধাপে ব্যবহারকারীদের নতুন অ্যাকাউন্ট ব্যবস্থায় স্থানান্তর করছে। এ কারণে কারও অ্যাকাউন্ট সেটিংসে ‘Accounts Centre’, আবার কারও ক্ষেত্রে ‘Meta Account Settings’ অপশন দেখা যেতে পারে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বৈধ আইনি অনুরোধের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করতে পারে তারা। এ ক্ষেত্রে অতিরিক্ত প্রোফাইলের তথ্যও দেওয়া হতে পারে। তথ্য সরবরাহের ক্ষেত্রে মেটার গোপনীয়তা নীতি ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

তথ্য প্রযুক্তি থেকে আরো পড়ুন