ছবি সংগৃহীত :
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে ১৫ স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে এ ঘটনা ঘটে।
পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তি একজন শ্বেতাঙ্গ পুরুষ। হামলার পর তিনি কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গিয়ে নিজেকে অবরুদ্ধ করেন।
পরে পুলিশের সঙ্গে আলোচনার সময় তিনি নিজেকে গুলি করেন। পুলিশ তাকে আটক করে।
প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান এপিকে জানান, ঘটনার সময় তিনি কাছের একটি জিমে ছিলেন। গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যেই একজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হামলার পর এফবিআই, সিক্রেট সার্ভিসসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি স্কুলে লকডাউন জারি করা হয়। ঘটনাস্থলটি হোয়াইট হাউস থেকে প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দূরে।
আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন