বাংলাদেশ

দুই বাসের সংঘর্ষ: নিহত ১, আহত ৬

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ১৯:১২

দুই বাসের সংঘর্ষ: নিহত ১, আহত ৬

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের জাজিরা সীমান্তবর্তী পদ্মা সেতু দক্ষিণ থানাধীন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের মর্মান্তিক সংঘর্ষে মোহাম্মদ নজরুল ইসলাম (৫২) নামের এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা ও কালু বেপারী কান্দি এলাকার মধ্যবর্তী হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত মোহাম্মদ নজরুল ইসলাম এনা এক্সপ্রেসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী জেলার দুমকী থানার আংগারিয়া গ্রামের মৃত আঃ ছাত্তার হাওলাদারের ছেলে।

​পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী থেকে ঢাকা অভিমুখী 'নড়াইল এক্সপ্রেস'-এর একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৩৭৭) নাওডোবা ও কালু বেপারী কান্দি এলাকার হাইওয়ে সড়কের ওপর যাত্রী ওঠানোর জন্য থামে। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির 'এনা পরিবহন'-এর একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৪৭২) নড়াইল এক্সপ্রেসকে সজোরে ধাক্কা দেয়। এতে এনা পরিবহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের ভেতরে থাকা সুপারভাইজার নজরুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান।

​দুর্ঘটনায় এনা ও নড়াইল এক্সপ্রেসের অন্তত ৬ জন যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ উদ্ধার কাজ চালিয়ে আহতদের দ্রুত উদ্ধার করে কালু বেপারী কান্দি এলাকার 'লাইফ জোন' হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গুরুতর আহতদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর এক কর্মকর্তার সন্তানও রয়েছেন, যাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করে হেফাজতে নিয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যাবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন