ছবি: সংগৃহীত
ফুটবলবিশ্বে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবারও এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যালন ডি’অরজয়ীদের সেরা মৌসুম নির্বাচনে মেসিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন পর্তুগিজ মহাতারকা। সমর্থকদের ভোটে রোনালদোর ২০০৮ সালের মৌসুম নির্বাচিত হয়েছে সেরাদের সেরা। দ্বিতীয় স্থানে রয়েছে মেসির ২০১২ সালের মৌসুম।
উয়েফা ও ফ্রান্স ফুটবলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বেস্ট অব অল টাইম’ (বোট) নামের বিশেষ ভোটাভুটিতে অংশ নেন ফুটবলপ্রেমীরা। এতে অন্তত দুবার ব্যালন ডি’অর জেতা ১০ কিংবদন্তি ফুটবলারের সেরা মৌসুম বেছে নেওয়ার সুযোগ ছিল সমর্থকদের। তবে ভোট দিতে প্রতিবার গুনতে হয়েছে ১ ইউরো।
ভোটের ফলাফলে প্রথম ও তৃতীয় দুই স্থানেই জায়গা করে নিয়েছেন রোনালদো। শীর্ষে থাকা ২০০৮ সালের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি। আর তৃতীয় স্থানে রয়েছে ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের হয়ে ব্যালন ডি’অর জেতা মৌসুমটি।
অন্যদিকে, মেসির ২০১২ সালের মৌসুমটি রয়েছে দ্বিতীয় স্থানে। ওই বছর অসাধারণ পারফরম্যান্সে ফুটবলবিশ্বকে মুগ্ধ করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগত পুরস্কারের সংখ্যায় অবশ্য রোনালদোর চেয়ে এগিয়ে মেসি। তার ক্যারিয়ারে রয়েছে রেকর্ড আটটি ব্যালন ডি’অর, যেখানে রোনালদোর সংগ্রহ পাঁচটি।
রোনালদো ২০০৮ সালের পর ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালেও ব্যালন ডি’অর জেতেন। এর মধ্যে শেষ চারটি পুরস্কারই জিতেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময়।
মঙ্গলবার ও বুধবারের মধ্যবর্তী রাতে ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ভোট গ্রহণ শেষ হয়। ভোটদাতাদের জন্য ছিল বাড়তি পুরস্কারের সুযোগও। উয়েফার তথ্য অনুযায়ী, ভোটে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্য থেকে একজন ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জিততে পারেন।
মেসি ও রোনালদো ছাড়াও এই বিশেষ আয়োজনে জায়গা পেয়েছিলেন ফুটবল ইতিহাসের আরও আট কিংবদন্তি। তিনবার করে ব্যালন ডি’অরজয়ী মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি ও ইয়োহান ক্রুইফ ছিলেন তালিকায়। এ ছাড়া দুবার করে পুরস্কার জেতা রোনালদো নাজারিও, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কেভিন কিগান, আলফ্রেডো দি স্তেফানো ও কার্ল-হাইনৎস রুমেনিগেও ছিলেন এই ভোটাভুটিতে।
সমর্থকদের ভোটে রোনালদোর ২০০৮ সালের মৌসুমের শীর্ষস্থান দখল ফুটবলের দুই মহাতারকার দীর্ঘদিনের দ্বৈরথে যোগ করেছে নতুন এক অধ্যায়।
খেলাধুলা থেকে আরো পড়ুন