হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কায়েস ইসলাম তারিফ (যুবক) মারা গেছেন। সোমবার রাতে দুর্ঘটনার পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।
নিহত কায়েস ইসলাম তারিফ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের বাইপাস রোডের স্টেডিয়াম এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারিফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।
এ ঘটনায় সাকিব নামে আরেক যুবক আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন