প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ১০:৪৭
সিলেটে রেস্টুরেন্টে খেতে যাওয়া এক তরুণ ও তাঁর বান্ধবীর গোপনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত দুজন নগরীর জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টের কর্মচারী।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন গোয়াইনঘাটের বাসিন্দা আহবাবুজ্জামান আনোয়ার (২৪) ও হবিগঞ্জের মো. সামছুল আমীন (২৭)। আনোয়ার নগরীর কাজিটুলা এলাকায় এবং সামছুল আমীন জিন্দাবাজারের সিতারা ম্যানশনে বসবাস করেন।
এ ঘটনায় সোমবার সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী উমাশঙ্কর গুপ্ত চৌধুরী। তিনি নগরীর কাষ্টঘর এলাকার বাসিন্দা। এর আগে রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করে ডিবি পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে উমাশঙ্কর গুপ্ত চৌধুরী তাঁর বান্ধবী ফারিয়া সুলতানা আনিসাকে নিয়ে জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টে খেতে যান। এ সময় গোপনে তাঁদের ছবি তোলা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে দিয়ে তাঁদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হেনস্তা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, ফেসবুকের বিভিন্ন পেজ থেকে ওই তরুণ ও তাঁর বান্ধবীর ছবি ছড়িয়ে দিয়ে তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি অব্যাহতভাবে হয়রানি ও ধর্মীয় উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মামলার বাদী। এতে দুই পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং তাঁরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, মেহমান রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গোপনে ছবি তোলার ঘটনায় রেস্টুরেন্টের দুই কর্মীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে রোববার রাতে রেস্টুরেন্টটিতে অভিযান চালিয়ে আহবাবুজ্জামান আনোয়ার ও মো. সামছুল আমীনকে আটক করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, গোপনে ছবি তোলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
সিলেট থেকে আরো পড়ুন