মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার রামনগর মণিপুরীপাড়া এলাকা থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটি উদ্ধার করেন। পরে সাপটিকে অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই রামনগর মণিপুরীপাড়া এলাকার খলিলুর রহমানের বসতঘরের আশপাশে সাপটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। রাতে বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত ৮টার দিকে সাপটিকে আবার দেখতে পেয়ে বাড়ির মালিক খলিলুর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সতর্কতার সঙ্গে সাপটি শনাক্ত করে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তারা।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধার করা সাপটি শঙ্খিনী প্রজাতির এবং অত্যন্ত বিষধর। সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন