বাংলাদেশ

লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ১৫:৩৯

লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা

ছবি সংগৃহীত :

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পরিত্যক্ত দুটি লেবুভর্তি বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

 

বুধবার (১৫ অক্টোবর) রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের সন্নিকটে স্টিলের ব্রিজের নিচে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের নিকটবর্তী স্টিলের ব্রিজের নিচে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা লেবুভর্তি দুটি বস্তা থেকে ১০ কাটে রাখা মোট ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসব ইয়াবার কোনো মালিক পাওয়া যায়নি।

এদিকে, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন