পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ) দুপুর ১২টায় উপজেলার ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল কলেজ প্রাঙ্গণ এবং পাইকরাজ-লস্করকান্দি সড়কের দুই পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিয়াজ মোরশেদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মী কামাল উদ্দিন আহমদ, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুদ্দিন আল আজাদ, গোয়াইনঘাট উপজেলা সমন্বয়ক কমিটির সাধারণ সম্পাদক জয়নুউদ্দিন বাচ্চু ও সহসাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন তোয়াকুল ইউনিয়ন সমন্বয়ক কমিটির সভাপতি সিরাজ উদ্দিন, ফতেপুর ইউনিয়ন সমন্বয়ক কমিটির সভাপতি মো. শাহজাহান, তোয়াকুল ইউনিয়ন শাখার সহসভাপতি মোজাম্মিল আলী এবং তোয়াকুল ইউনিয়ন সমন্বয়ক কমিটির প্রচার সম্পাদক ফখরুল আমিন সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মসূচিতে তোয়াকুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এলাকার পরিবেশের উন্নয়ন, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। তাঁরা মনে করেন, পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ-শ্যামল গোয়াইনঘাট গড়ে তোলার প্রত্যয়ে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট থেকে আরো পড়ুন