প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ ১৫:৩৬
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব) ও বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির (বিএমএসএস) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট-এর যৌথ উদ্যোগে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ ও ওষুধ পেয়েছেন তিন শতাধিক মানুষ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার হালাবাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ‘কেয়ার ব্রিজ ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর আওতায় এ সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে পৃষ্ঠপোষকতা করে অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড ও রেনাটা লিমিটেড।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা ক্যাম্পে রোগীদের নিবন্ধন, চিকিৎসকের পরামর্শ, ব্যবস্থাপত্র প্রদান, রক্ত পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার নানা বয়সী মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ও পুসাবের উপদেষ্টা ডা. মাহবুবুর রহমান স্বপন, বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনূর রশিদ, পুসাবের উপদেষ্টা ও মা এগ্রো ফার্ম’র স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুল আলম সাগর এবং পুসাবের সাবেক সহসভাপতি ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ইমরান মাহমুদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. রুহানীয়া আমরীন ও ডা. সৌরভ সেন সৈকত ক্যাম্পে চিকিৎসাসেবা দেন। পুসাবের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক রবিউল আলমসহ সংগঠন দুটির সদস্যরা ক্যাম্প পরিচালনায় অংশ নেন।
আয়োজকেরা জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রাথমিক চিকিৎসাসেবা ও স্বাস্থ্যপরামর্শ পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্তোষ দেখা যায়।
উল্লেখ্য, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ও প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বিশ্বম্ভরপুরের শিক্ষার্থীদের নিয়ে ২০১৪ সালে পুসাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষা, জনকল্যাণ ও এলাকার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
অন্যদিকে, ২০০৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) মেডিকেল শিক্ষার্থীদের একটি সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি চিকিৎসাসেবা ও মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্বাস্থ্য থেকে আরো পড়ুন