প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ ১৫:৪৯
‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’-এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
এর আগে, সোমবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
সাইফুল ইসলাম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তের জন্য উপজেলার রানীগাঁও বাজারে গেলে ইলিয়াস হোসাইন ওই বক্তব্য দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় উপস্থিত এক ব্যক্তি মোবাইল ফোনে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুস খাই না... আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই।’
স্থানীয়দের অভিযোগ, ইলিয়াস হোসাইন দীর্ঘদিন ধরে চুনারুঘাটে দায়িত্ব পালনকালে ঘুস লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। তবে, এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়ে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’ এরপর তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমান বলেন, ‘আমার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেট থেকে আরো পড়ুন