খেলাধুলা

যুক্তরাষ্ট্রের ফুটবলে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ ১৬:০২

যুক্তরাষ্ট্রের ফুটবলে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

ছবি: সংগৃহীত

মাত্র ১৭ বছর বয়সেই ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মেক্সিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৩-০ গোলের জয়ে দুর্দান্ত এক গোল করে জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হয়েছেন এই মিডফিল্ডার।

গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়ামে ম্যাচের ৬৩তম মিনিটে গোলটি করেন সুলিভান। মেক্সিকোর গোলরক্ষক রাউল রাঙ্গেল সতীর্থের কাছে বল বাড়ানোর চেষ্টা করলে তা কেড়ে নেন তিনি।

এরপর প্রায় ৪০ গজ দূর থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ।
১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন সুলিভান।

এর মাত্র চার দিন আগে রেকর্ডটি গড়েছিলেন ম্যাথিস আলবার্ট। মঙ্গলবার চিলির বিপক্ষে ১৭ বছর ১৩১ দিন বয়সে গোল করে এই কীর্তি গড়েছিলেন তিনি।
তার আগে রেকর্ডটি ছিল ক্রিশ্চিয়ান পুলিসিচের দখলে। ১৭ বছর ২৫৩ দিন বয়সে যুক্তরাষ্ট্রের হয়ে গোল করেছিলেন পুলিসিচ।

জাতীয় দলের হয়ে এটি ছিল সুলিভানের তৃতীয় ম্যাচ। গত সপ্তাহে অভিষেকের ম্যাচেই আরেকটি কীর্তি গড়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের হয়ে ফ্রেডি আদুর পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন এই তরুণ।

মেক্সিকোর বিপক্ষে গোল করার পর নিজের উচ্ছ্বাস লুকাতে পারেননি সুলিভান। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্ত। তিন, চার, পাঁচ কিংবা ছয় বছর বয়স থেকেই আপনি এমন মুহূর্তের স্বপ্ন দেখেন। আমি এই মুহূর্তটি কল্পনা করেছি। শুধু আজকের কয়েক ঘণ্টা নয়, পুরো জীবনজুড়েই।’

পরিবারের পাশাপাশি জাতীয় দলের কোচদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমার পরিবার ও আমার জন্য এটি অবিশ্বাস্য এক মুহূর্ত। জাতীয় দলের হয়ে এমন সুযোগ পাওয়া সম্মানের। কোচরা আমার ওপর আস্থা রেখেছেন, সুযোগ দিয়েছেন। এ জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’

নিজের গোলের মুহূর্তটি নিয়েও কথা বলেছেন সুলিভান। তাঁর ভাষায়, ‘আমি শুধু বলটা তুলে দিয়েছিলাম। আশা করছিলাম, ক্রসবারে লাগবে না কিংবা ওপর দিয়ে চলে যাবে না। বলটা যখন বাতাসে ছিল, তখন নার্ভাস হয়ে পড়েছিলাম। এরপর কী হয়েছে, সেটাই যেন ঝাপসা।’

মেক্সিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোলটিও করেন এক কিশোর। প্রথমার্ধে ১৮ বছর বয়সী জুলিয়ান হলের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। জিও রেইনার পাস থেকে গোলটি করেন তিনি। পরে ৮৫তম মিনিটে গোল করে যুক্তরাষ্ট্রের বড় জয় নিশ্চিত করেন মালিক টিলম্যান।

বিশ্বকাপের শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে হারের পর এটি ছিল যুক্তরাষ্ট্রের টানা তৃতীয় প্রীতি ম্যাচ জয়। তরুণদের দারুণ পারফরম্যান্সে কোচ মাউরিসিও পচেত্তিনোর দল যেন নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে।

খেলাধুলা থেকে আরো পড়ুন