আন্তর্জাতিক

পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরীকে দলবদ্ধ ধ'র্ষ'ণ

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক ডেস্ক:

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৭

পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরীকে দলবদ্ধ ধ'র্ষ'ণ

প্রতিকী ছবি

ভারতের রাজধানী দিল্লিতে পুলিশ পরিচয় দিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে অস্ত্রের মুখে জিম্মি করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে একটি পার্কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় ওই কিশোরী এক পুরুষ বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে গিয়েছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা মন্দিরের কাছের একটি পার্কে গেলে ২৫ থেকে ৩০ বছর বয়সী তিন ব্যক্তি তাদের পথরোধ করে। তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেয় বলে অভিযোগ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা কিশোরী ও তার বন্ধুকে হুমকি দেয়। এ সময় তাদের একজন আগ্নেয়াস্ত্র ও ছুরি দেখিয়ে কিশোরীকে ভয় দেখায় এবং যৌন নির্যাতন করে। পরে অপর দুই অভিযুক্তও তাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর কিশোরী ও তার বন্ধুকে এ বিষয়ে কাউকে জানালে পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি দেওয়া হয়।

ঘটনার বিষয়ে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে পুলিশ কন্ট্রোল রুমে ফোন আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়। তার বক্তব্যের ভিত্তিতে মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

অভিযুক্তদের শনাক্ত করতে পার্ক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। পাশাপাশি ঘটনার সময় ওই এলাকায় থাকা ব্যক্তিদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়।

তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, অভিযুক্তদের একজন আমর কলোনির ডিএম অফিস রোডের কাছে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করার চেষ্টা করা হয়।

পুলিশের দাবি, আটকের সময় ওই ব্যক্তি পুলিশের দিকে গুলি চালায়। আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও সে তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে পুলিশ তার ডান পায়ে গুলি করে তাকে আটক করে। গ্রেপ্তার ব্যক্তির নাম আসিফ। তিনি ওখলা মান্ডিতে কাজ করেন বলে জানিয়েছে পুলিশ। অন্য দুই অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পকসো আইনসহ প্রাসঙ্গিক আইনের ধারায় মামলা করা হয়েছে। একই সঙ্গে বাকি দুই অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, দিল্লিতে গত ১০ দিনের মধ্যে নাবালিকাদের বিরুদ্ধে যৌন সহিংসতার একাধিক অভিযোগ সামনে এসেছে। ১৩ সেপ্টেম্বর স্বরূপ নগরে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে চারজনের বিরুদ্ধে। ১৬ সেপ্টেম্বর সদর বাজার এলাকায় একটি দোকানের ভেতর ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এর পর ২১ সেপ্টেম্বর মধ্য দিল্লির কিশানগঞ্জ এলাকায় ৬ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৩৪ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়।

কালকাজির এই ঘটনাটিও সেই ধারাবাহিকতায় দিল্লিতে নাবালিকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন