ছবি: সংগৃহীত
২০২৩ সালে গাজীপুরের মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন আল-আমিনকে অপহরণ, নির্যাতন, হত্যা ও মরদেহ গুমের অভিযোগে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর সাবেক প্রধান আসাদুজ্জামানসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বুধবার(১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে, তারা হলেন-তৎকালীন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান, এডিসি ইশতিয়াক আহমেদ, পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মিয়া, পুলিশ পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন আহাম্মেদ এবং এসআই তৌহিদুল ইসলাম সুমন।
অভিযোগে বলা হয়েছে, সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্তের সমালোচক হওয়ায় ২০২৩ সালের ৩০ জানুয়ারি গাজীপুরের মাদ্রাসা ইবনে মাসউদের অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন আল-আমিনকে সিটিটিসির সদস্যরা তুলে নিয়ে যান।
এরপর তাঁকে মিন্টো রোডের সিটিটিসি কার্যালয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অবৈধভাবে আটকে রাখা হয়।
অভিযোগে আরও বলা হয়, টানা ১৮ দিন আটকে রেখে এডিসি ইশতিয়াকের নেতৃত্বে শারীরিক ও মানসিক নির্যাতন করা হলে ভুক্তভোগীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।
১৮ ফেব্রুয়ারি তাঁকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
হত্যার দায় এড়াতে অভিযুক্তরা ভুক্তভোগীর মরদেহ ঢাকা জেলার কেরানীগঞ্জের লাকিরচর এলাকায় ধলেশ্বরী নদীর ওপর তুলসীখালী ব্রিজ থেকে পানিতে ফেলে গুম করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আইন আদালত থেকে আরো পড়ুন