ছবি সংগৃহীত :
২০২৬ ব্যালন ডি’অর নিয়ে উত্তেজনা এখনই তুঙ্গে। বিশেষ করে লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপের মধ্যে পুরস্কার জয়ের লড়াই নিয়ে শুরু হয়েছে আলোচনা। এবার সেই আলোচনায় আরও রসদ জোগাল ইয়ামালের মন্তব্য এ বছর ব্যালন ডি’অর জয়ের জন্য তিনি নিজেকেই সবচেয়ে যোগ্য মনে করছেন।
মুভিস্টারের জনপ্রিয় অনুষ্ঠান ‘ইউনিভার্সো ভালদানো’তে দেওয়া ইয়ামালের একটি সাক্ষাৎকারের কিছু অংশ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। পুরো সাক্ষাৎকারটি আগামী শুক্রবার প্রচার হওয়ার কথা থাকলেও আগেই প্রকাশিত অংশগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’ এর প্রকাশিত ইয়ামালের বক্তব্য অনুযায়ী, ব্যালন ডি’অর নিয়ে নিজের পছন্দের কথা বলতে গিয়ে বার্সেলোনার এই তরুণ তারকা বলেন, আমি ব্যালন ডি’অর কাকে দেব? সত্যি বলতে, আমার মনে হয় দুজন খেলোয়াড় আছে, যারা বিশ্বসেরা। তবে এই বছর আমি এটি পাওয়ার যোগ্য।
বিশ্বসেরার সেই দুজন কারা এমন প্রশ্নের উত্তরও এড়িয়ে যাননি ইয়ামাল। তিনি বলেন, আমার কাছে কিলিয়ান এমবাপে ও আমি সেরা দুই খেলোয়াড়। যারা ম্যাচ দেখে, তারা এটা ভালোভাবেই জানে।
এর কয়েকদিন আগেই এমবাপেও ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন। ব্যক্তিগত পুরস্কার হওয়ায় দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সকেও গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে ফরাসি তারকা বলেছিলেন, আমি বিশ্বাস করি, এ বছর আমি এটি জিততে পারি। এটি আমার অন্যতম লক্ষ্য, একই সঙ্গে স্বল্পমেয়াদি লক্ষ্যও।
এর আগে নিজের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে প্রকাশ্যে কথা বলায় এমবাপেকে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। তবে এবারও নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি।
ব্যালন ডি’অরের মাপকাঠিতে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্যও গুরুত্বপূর্ণ। সেই হিসেবে এবারের লড়াইয়ে ইয়ামাল কিছুটা এগিয়ে থাকতে পারেন। দুজনের ব্যক্তিগত পরিসংখ্যানেই নজরকাড়া পারফরম্যান্স থাকলেও সবচেয়ে বড় পার্থক্য তৈরি করেছে জাতীয় দলের সাফল্য। বিশ্বকাপে এমবাপের ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল ইয়ামালের স্পেন এবং শেষ পর্যন্ত শিরোপাও জিতেছে তারা।
আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বসবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। প্রথমবারের বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতেই এবার লন্ডনে আয়োজন করা হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাও। এখন অপেক্ষা শুধু ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট শেষ পর্যন্ত কার মাথায় ওঠে।
খেলাধুলা থেকে আরো পড়ুন