ছবি: সংগৃহীত
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে টুর্নামেন্টে অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেই বল হাতে আরও বিধ্বংসী হয়ে উঠেছেন বাংলাদেশের এই অফস্পিনার।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ২৩ রান খরচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।
প্রভিডেন্সে টস জিতে আগে ব্যাট করা ত্রিনবাগোকে বড় সংগ্রহ গড়তে দেননি মিরাজ।
একে একে তার শিকার হয়েছেন কলিন মুনরো, নিকোলাস পুরান, জিদ গুলি ও সুনীল নারাইন। মিরাজের ঘূর্ণিতে চাপে পড়ে নির্ধারিত ওভার শেষে ১২৬ রানেই থামে নাইট রাইডার্সের ইনিংস।
ব্যাট হাতে দলকে বড় অবদান রাখতে না পারলেও বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিরাজ। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে গায়ানার জয়ের ভিত গড়ে দেন তিনি।
এর আগে সিপিএলে অভিষেক ম্যাচেও বল হাতে নজর কেড়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সেইন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। তবে ওই ম্যাচের পারফরম্যান্সকেও ছাড়িয়ে এবার ৪ উইকেট নিয়ে প্রথমবারের মতো সিপিএলে ম্যাচসেরার স্বীকৃতি পেলেন মিরাজ।
মিরাজের দুর্দান্ত বোলিংয়ের পর ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় গায়ানা। দলের জয়ে বড় ভূমিকা রাখেন শাই হোপ। অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে ছক্কায় ম্যাচ শেষ করেন এই উইকেটরক্ষক ব্যাটার।
তবে ব্যাট হাতে মিরাজের সময়টা এখনো ভালো যাচ্ছে না। প্রথম ম্যাচে ১ রান করার পর এবার ১৪ বলে করেছেন মাত্র ২ রান। তবু বল হাতে তার দুর্দান্ত পারফরম্যান্সই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।
এই জয়ে সিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। লিগ পর্বে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে দলটির। শেষ ম্যাচে বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে মাঠে নামবে তারা।
খেলাধুলা থেকে আরো পড়ুন