সিলেট

গোয়াইনঘাটে অভিযানে নৌকা ধ্বংস, ৩ জনকে জরিমানা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৩

গোয়াইনঘাটে অভিযানে নৌকা ধ্বংস, ৩ জনকে জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ছয়জনকে আটক করা হলেও তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর তিনজনকে মোট এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি নৌকা ঘটনাস্থলেই ভেঙে বিনষ্ট করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার নতুন ভাংগা হাওর, বিছানাকান্দি জিরো পয়েন্ট, গোরাগ্রাম ও মনোরতল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন।

অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষ্য ও জবানবন্দি পর্যালোচনা করে তিনজন সরাসরি বালু উত্তোলনের সঙ্গে জড়িত না থাকায় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

অপর তিনজনকে দোষী সাব্যস্ত করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী মোট এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি নৌকা ঘটনাস্থলেই ভেঙে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং টাস্কফোর্সকে সহযোগিতা করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন বলেন, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পরিবেশের ক্ষতি করে এবং আইন অমান্য করে যারা বালু বা মাটি উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

সিলেট থেকে আরো পড়ুন