ছবি: সংগৃহীত
অন্যদের পোস্টে ট্যাগ করা কনটেন্ট নিজের প্রোফাইলের মূল গ্রিডে প্রদর্শনের নতুন সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম। ফলে বন্ধু, পরিচিত বা অন্য কোনো নির্মাতা কোনো পোস্টে ট্যাগ করলে সেটি পুনরায় পোস্ট বা কপি তৈরি না করেই নিজের প্রোফাইলে প্রদর্শন করা যাবে।
ইনস্টাগ্রামের তথ্যমতে, ডিরেক্ট মেসেজের নোটিফিকেশন থেকেই ট্যাগ করা পোস্ট সরাসরি প্রোফাইল গ্রিডে যুক্ত করা যাবে। এ ছাড়া ট্যাগ করা পোস্ট খুলে কিংবা প্রোফাইলের ‘ট্যাগড’ অপশন থেকেও পোস্টটি মূল গ্রিডে প্রদর্শনের সুযোগ থাকছে।
পরে কোনো ব্যবহারকারী চাইলে নিজের প্রোফাইলের গ্রিড থেকে পোস্টটি সরিয়ে দিতে পারবেন। তবে এতে মূল পোস্টটি মুছে যাবে না। অর্থাৎ গ্রিড থেকে সরিয়ে দিলেও পোস্টটি যিনি প্রকাশ করেছেন, তাঁর প্রোফাইলেই আগের মতো থাকবে। একই সঙ্গে পোস্টটির কোনো নতুন কপিও তৈরি হবে না।
ইনস্টাগ্রামের নতুন সুবিধাটি বিশেষ করে বন্ধু বা পরিচিতদের সঙ্গে তোলা ছবি শেয়ারের ক্ষেত্রে কার্যকর হতে পারে। এত দিন অন্য কেউ কোনো অনুষ্ঠানের ছবি প্রকাশ করে সেখানে ট্যাগ করলে নিজের প্রোফাইলে সেটি দেখাতে পুনরায় পোস্ট করতে হতো। নতুন সুবিধার ফলে একই পোস্ট আবার প্রকাশ না করেই সেটি নিজের প্রোফাইলের মূল গ্রিডে দেখানো যাবে।
কনটেন্ট নির্মাতাদের জন্যও সুবিধাটি গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো নির্মাতা অন্য নির্মাতাকে ট্যাগ করে পোস্ট প্রকাশ করলে ট্যাগ করা নির্মাতা চাইলে পোস্টটি নিজের প্রোফাইল গ্রিডে প্রদর্শন করতে পারবেন। একই পোস্টে একাধিক নির্মাতাকে ট্যাগ করা হলে প্রত্যেকেই চাইলে পোস্টটি নিজেদের প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে প্রচারণামূলক বা যৌথ কনটেন্ট একাধিক নির্মাতার প্রোফাইলে সহজে তুলে ধরা সম্ভব হবে।
এদিকে ব্যবহারকারীদের প্রোফাইল আরও নিজের মতো করে সাজানোর সুযোগ দিতে সম্প্রতি ‘রি-অর্ডার ইয়োর গ্রিড’ সুবিধাও চালু করেছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে প্রোফাইলের মূল গ্রিডে থাকা পোস্টগুলোর অবস্থান পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যায়।
এ ছাড়া দ্রুত কনটেন্ট তৈরির সুযোগ দিতে ‘ফার্স্ট ড্রাফট’ নামের একটি টুলও চালু করেছে প্ল্যাটফর্মটি।
তথ্য প্রযুক্তি থেকে আরো পড়ুন