ছবি: সংগৃহীত
চীনের পূর্বাঞ্চলীয় শিপিং হাব-খ্যাত কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৫ জন।
বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) দেশটির সিসিটিভিসহ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, লাইবেরিয়ার পতাকাবাহী ‘ওশান মেলোডি’ নামের ১৯০ মিটার দীর্ঘ ওই বাল্ক ক্যারিয়ার জাহাজটিতে আগুন লাগার সময় মোট ৪২ জন আরোহী ছিলেন। ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল আহত ৫ জনসহ ১৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। বেলা দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শানডং প্রদেশের কিংদাওয়ে অবস্থিত বেইহাই শিপবিল্ডিং কোম্পানি লিমিটেডে মেরামতের জন্য ভেড়ানো অবস্থায় সকাল ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটিতে অগ্নিকাণ্ডের সূচনা হয়। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জরুরি ভিত্তিতে উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডের ঝুঁকি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার ওপর জোর দিয়েছেন তিনি।
ঘটনাস্থলের কাছাকাছি এলাকার এক প্রত্যক্ষদর্শী জানান, জাহাজটি থেকে হঠাৎ ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেলেও কোনো বিস্ফোরণের শব্দ পাওয়া যায়নি।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক সামুদ্রিক কেন্দ্র হিসেবে পরিচিত এই কিংদাও বন্দর। চীনে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বিধিমালার ঘাটতির কারণে বেশ কয়েকটি বড় শিল্প দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে গত মে মাসে একটি বাজি কারখানায় বিস্ফোরণে ৩৭ জন এবং জুলাইয়ে একটি জুতার কারখানায় ২৮ জনের মৃত্যু হয়েছিল।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন