অর্থনীতি

বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক :

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৮

বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

ছবি সংগৃহীত :

দুর্বল মার্কিন ডলারের প্রভাবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববাজারে এই মূল্যবান ধাতুর দাম ঊর্ধ্বমুখী দেখা গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা, যার ওপর ভিত্তি করে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্তের ইঙ্গিত মিলতে পারে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) চারটা ১৯ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১৪ দশমিক ২৮ ডলারে পৌঁছায়। তবে ফিউচার মার্কেটে আগামী ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে সোনার দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৫৭ দশমিক ২০ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির নতুন তথ্যের ওপর ভিত্তি করে সুদের হার কমানো বা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত আসতে পারে, যা বিশ্ববাজারে সোনার দামের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

এদিকে আন্তর্জাতিক বাজারের উত্থান-পতনের মধ্যে দেশের বাজারে টানা দুই দফায় কমানো হয়েছে সোনার দাম। সবশেষ গত বুধবার কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায়। এর আগে গত ৬ সেপ্টেম্বরও এই মানের সোনার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ দুই দফায় ভালো মানের সোনার দাম ভরিতে মোট ৩ হাজার ৩২৪ টাকা কমল।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দর অপরিবর্তিত রয়েছে।

অর্থনীতি থেকে আরো পড়ুন