শিক্ষা

শাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে জার্মানিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নতুন সিলেট ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪০

শাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে জার্মানিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে স্কুল অব নলেজ ডেভেলপমেন্টের অধীনে ‘রোড টু জার্মানি’ শীর্ষক উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।


সেমিনারে জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ, ডিএএডি স্কলারশিপ, অর্থায়ন, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শাবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম উপস্থিত ছিলেন।

বক্তব্যে অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম বলেন, দেশটিতে তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। দেশটির উন্নত অর্থনীতি এবং শাবিপ্রবির পাঠ্যক্রমের সঙ্গে জার্মান শিক্ষা ব্যবস্থার সামঞ্জস্য রয়েছে। এতে আমাদের শিক্ষার্থীরা সেখানে গিয়ে ভাল করতে পারে।


সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএএডি বাংলাদেশের রিজিওনাল অফিসার মো. মাহমুদুল হাসান সুমন এবং পাস প্রজেক্ট কো-অর্ডিনেটর মিস মায়াবী অরণ্যা। 

প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ডিএএডি স্কলারশিপপ্রাপ্ত শাবিপ্রবির বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাইদ আরফিন খান।
সেশনে ডিএএডি-এর কর্মকর্তা জার্মানিতে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ, ডিএএডি স্কলারশিপ পাওয়ার প্রক্রিয়া এবং বিভিন্ন ধরনের অর্থায়ন নিয়ে আলোচনা করেন।

 

সেমিনারের সমাপনী পর্যায়ে সাস্ট ক্যারিয়ার ক্লাব আয়োজিত ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’ প্রতিযোগিতার সেরা ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সভাপতি আবদুল আহাদ এবং সাধারণ সম্পাদক মো. ইউনুস কবির।

শিক্ষা থেকে আরো পড়ুন