ছবি সংগৃহীত :
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও ওয়াকি-টকি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে ফতুল্লা থানাধীন ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে কয়েকজন ব্যক্তি ভুয়া ডিজিএফআই পরিচয়ে অবস্থান করছে এই খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় ফতুল্লা থানা পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলায় পুলিশের সন্দেহ হয়।
একপর্যায়ে তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন।
পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও ব্যবহৃত ওয়াকি-টকি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর থানার বজর গ্রামের নুরুল ইসলামের ছেলে রায়হান মাহাবুব আলম (৩৬), সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকার মৃত দুলাল গাজীর ছেলে মোহাম্মদ সাদ্দাম গাজী (৩০) এবং ফতুল্লার ভূইঘর পূর্বপাড়া এলাকার আ. ছালাম হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫)।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, ডিজিএফআইয়ের ভুয়া পরিচয় দেওয়ার কারণে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন