ছবি সংগৃহীত :
মাদারীপুরে পথচারী এক বাবা ও তার শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আসামি বহন করা পুলিশের একটি গাড়ি মহাসড়কে উল্টে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
এদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য, তিনজন আসামি ও দুজন পথচারী।
বৃহস্পতিবার(৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদর উপজেলার পখিরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যে নাম আব্দুস সালাম (৫৩)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের গজারিয়া পশ্চিম করণশীল এলাকার বারেক ভূঁইয়ার ছেলে।
সালাম মাদারীপুরের শিবচর থানার অধীনে থাকা ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
আহত পাঁচ পুলিশ সদস্যরা হলেন- পুলিশ পরির্দশক মোজাম্মেল হক, পুলিশ সদস্য শরিফুল ইসলাম, সোহেল, হাসান, শামীম।
আহত চার আসামিরা হলেন- শিবচরের ভান্ডারিকান্দি গ্রামের রেজ্জেক চোকদারের ছেলে সুলতান চোকদার, একই গ্রামের রুবেল চোকদার, ফরিদপুরের ভাঙ্গার আব্দুল হালিমের ছেলে নুরুজ্জামান।
দুর্ঘটনায় আহত দুই পথচারী হলেন- জেলা সদর উপজেলার পখিরা গ্রামে ইব্রাহীম সরদার (৩৭) ও তার মেয়ে ইলমা (৯)।
জানা গেছে, শিবচর থানায় দায়ের করা একটি ফৌজদারি মামলায় জেলা হরের ইটেরপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চার আসামিকে। অভিযান শেষে আসামি বহনকারী পুলিশের গাড়িটি শিবচর থানার দিকে ফিরছিল। গাড়িটি মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পখিরা এলাকায় পৌঁছালে শিশু ইলমা ও তার বাবা ইব্রাহীম সরদার রাস্তা পারাপার হচ্ছিলেন। তাদের বাঁচাতে গিয়ে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্য আব্দুস সালামের মৃত্য হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন পাঁচ পুলিশ সদস্য, তিন আসামি, ও দুই পথচারী (বাবা-মেয়ে)। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, মূলত সড়কে পার হওয়া পথচারী ওই বাবা ও মেয়েকে বাঁচাতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন