সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি বোমা মেশিন ও ১২টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে সারি-২ নদী এবং বৃহস্পতিবার সকালে রাংপানি নদীতে এসব অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে বুধবার রাত ১২টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত সারি-২ নদীতে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ বোমা মেশিন জব্দ করা হয়। পরে জব্দ করা মেশিনটি বিকল করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
এরপর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি বারকি নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নৌকাগুলো বিনষ্ট করা হয়।
অভিযান দুটিতে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক পরিবেশ ও তীরবর্তী এলাকার ক্ষতি হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ যাতে বালু উত্তোলন করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট থেকে আরো পড়ুন