ছবি সংগৃহীত :
দুই গোলে পিছিয়ে, তার ওপর একজন কম হারটা তখন যেন সময়ের অপেক্ষা। কিন্তু শেষ বাঁশি পর্যন্ত লড়াই চালিয়ে গেলে ফুটবলে যে কোনো কিছুই সম্ভব, সেটিই আবারও প্রমাণ করল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। ১০ জনের দল নিয়ে দুই গোলের ঘাটতি পুষে দিয়ে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পেয়েছে সৌদি ক্লাবটি। অবিশ্বাস্য এই প্রত্যাবর্তনের নায়ক সাদিও মানে
বুধবার (২৬ আগস্ট) দাম্মামে সৌদি প্রো লিগের তৃতীয় রাউন্ডে আল ইত্তিফাকের মাঠে শুরু থেকেই চাপে ছিল আল নাসর। ম্যাচের মাত্র ১২ মিনিটেই গোলরক্ষক বেনতো লাল কার্ড দেখলে বিপাকে পড়ে রোনালদোর দল। একজন কম নিয়ে খেলা আল নাসর প্রথমার্ধেই হজম করে দুই গোল।
৩১ মিনিটে দোদার গোলে এগিয়ে যায় আল ইত্তিফাক। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আলভারো মেদরানের দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ফলে ১০ জনের আল নাসরের সামনে দ্বিতীয়ার্ধে দাঁড়ায় কঠিন প্রত্যাবর্তনের চ্যালেঞ্জ।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় আল নাসর। ৫৩ মিনিটে ইনিগো মার্তিনেজের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর জোয়াও ফেলিক্সও সুযোগ পেয়েছিলেন, কিন্তু আল ইত্তিফাকের গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি।
তবে ৭৪ মিনিটে ম্যাচে নতুন প্রাণ ফেরান সাদিও মানে। জোয়াও ফেলিক্সের পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত শটে ব্যবধান কমান সেনেগালের এই ফরোয়ার্ড। মাত্র তিন মিনিট পর কর্নার থেকে হেডে গোল করে আল নাসরকে সমতায় ফেরান আবদুলেলাহ আল-আমরি।
২-২ সমতায় ফেরার পর বদলে যায় ম্যাচের চিত্র। একজন কম নিয়েও আক্রমণে আরও ধারালো হয়ে ওঠে আল নাসর। জয়ের জন্য মরিয়া দলটি শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য পায় ৯০ মিনিটে।
দ্রুত পাল্টা আক্রমণ থেকে সামি আল-নাজেইয়ের পাস পেয়ে বল জালে জড়ান মানে। নিজের দ্বিতীয় গোল করে আল নাসরকে এনে দেন ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয়। শেষ বাঁশির পর ১০ জনের দলটি উদ্যাপন করে দুর্দান্ত এক প্রত্যাবর্তন ও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।
এই জয়ে তিন ম্যাচে তিন জয় পেল আল নাসর। ৯ পয়েন্ট নিয়ে আপাতত সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষেও উঠেছে রোনালদোর দল। অন্যদিকে তিন ম্যাচে দুই জয় পাওয়া আল ইত্তিফাকের পয়েন্ট ৬।
খেলাধুলা থেকে আরো পড়ুন