হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হায়েস গাড়ি জব্দ করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটের দিকে নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার পাশে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে র্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
আটকরা হলেন—চুনারুঘাট উপজেলার সাড়েকোনা গ্রামের সারু মিয়ার ছেলে হিরন মিয়া (২২), কালিচং গ্রামের মৃত কবির মিয়ার ছেলে মো. বায়েজিন মিয়া (২৬) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর (শ্যামপুর) গ্রামের আলফু মিয়ার ছেলে মো. সাকিব মিয়া ওরফে সুমন মিয়া (২৩)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে তারা জানতে পারে, চুনারুঘাট এলাকা থেকে একটি কালো রঙের হায়েস গাড়িতে করে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে সিলেটের দিকে যাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে রুস্তমপুর টোল প্লাজার পাশে চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে সন্দেহভাজন হায়েস গাড়িটিকে থামার সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হায়েস গাড়ির ভেতরে তল্লাশি চালানো হয়। এ সময় প্লাস্টিকের বস্তার ভেতর থেকে নীল পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাকেটজাত অবস্থায় ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের এবং জব্দকৃত আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন