সিলেট

শ্রীমঙ্গলে বিদুৎস্পৃষ্ট সিংহ বানর উদ্ধার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ ১৫:২১

শ্রীমঙ্গলে বিদুৎস্পৃষ্ট সিংহ বানর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শকে আহত একটি সিংহ বানর (উল্টোলেজি বানর) উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে একটি বানর বৈদ্যুতিক শকে আহত হয়ে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর স্থানীয় লোকজন দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

 

 

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা বৈদ্যুতিক শকে আহত বানরটিকে দেখতে পান। পরে তারা নিশ্চিত হন, বানরটি একটি সিংহ বানর বা উল্টোলেজি বানর।

পরে আহত বানরটিকে দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা জানান, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বানরটি আহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত বানরটির চিকিৎসা ও পরবর্তী অবস্থার বিষয়ে বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উল্টোলেজি বানর আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী। সিংহের মতো কেশর আছে বলে একে সিংহ বানরও বলা হয়। এরা সাধারণত বনাঞ্চল ও গাছপালায় সমৃদ্ধ এলাকায় বসবাস করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের বসতি ও বনাঞ্চলের কাছাকাছি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে অনেক সময় এসব বন্যপ্রাণী আহত কিংবা মারা যায়। 

তিনি আরও বলেন, বন্যপ্রাণীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আবাসিক এলাকা ও বনাঞ্চলে বৈদ্যুতিক তারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি কোনো বন্যপ্রাণী আহত অবস্থায় পড়ে থাকতে দেখলে তাকে ধরতে বা বিরক্ত না করে দ্রুত বন বিভাগ কিংবা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাই।

এ সময় স্থানীয়রাও বন্যপ্রাণী রক্ষায় বিদ্যুৎ সংযোগ ও খোলা বৈদ্যুতিক তারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সিলেট থেকে আরো পড়ুন