খেলাধুলা

মা হারালেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শফিউল ইসলাম

স্পোর্টস ডেস্ক :

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ ১৪:৫০

মা হারালেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শফিউল ইসলাম

ছবি সংগৃহীত :

মাকে হারিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলাম। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় তার মা মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজেই মায়ের মৃত্যুর খবরটি জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।

ফেসবুক পোস্টে শফিউল ইসলাম লিখেছেন,অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার পরম শ্রদ্ধেয় মা আজ সকাল ৮টা ৩০ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

 

মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। শফিউল লিখেছেন, মহান আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

বাংলাদেশের হয়ে প্রায় এক দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ডানহাতি এই পেসার। ২০১০ সালে জাতীয় দলে অভিষেকের পর তিনি ১১টি টেস্ট, ৬০টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে তার আন্তর্জাতিক উইকেটের সংখ্যা ১০৭টি।

শফিউলের আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ছিল ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের সেই ঐতিহাসিক ম্যাচ। ১৬৯ রানে ৮ উইকেট হারিয়ে যখন বাংলাদেশের পরাজয়ের শঙ্কা দেখা দিয়েছিল, তখন মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। ২৪ বলে অপরাজিত ২৪ রান করেছিলেন শফিউল। বাংলাদেশ ম্যাচটি জিতেছিল ২ উইকেটে।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর চলতি বছরের ৫ জানুয়ারি সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন শফিউল ইসলাম। এবার ব্যক্তিগত জীবনের কঠিন সময়ে মাকে হারিয়ে শোকাহত সাবেক এই টাইগার পেসার।

খেলাধুলা থেকে আরো পড়ুন