ছবি সংগৃহীত :
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে গুগল। এখন কাছাকাছি থাকা দুটি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ছবি, ভিডিও, কনট্যাক্ট বা অন্য কোনও ফাইল শেয়ার করা আরও সহজ হবে। এজন্য বারবার বিভিন্ন অপশন খুঁজে বের করার প্রয়োজন হবে না। ফোন দুটিকে কাছাকাছি এনে টাচ করলেই শুরু হবে ফাইল পাঠানোর প্রক্রিয়া।
নতুন এই সুবিধার নাম ‘ট্যাপ টু শেয়ার’। এটি গুগলের কুইক শেয়ার ব্যবস্থারই একটি নতুন ফিচার। অনেকটা অ্যাপলের এয়ারড্রপের মতোই কাজ করবে এটি।
কী এই ট্যাপ টু শেয়ার?
অ্যান্ড্রয়েড ফোনে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল পাঠানোর জন্য আগে থেকেই কুইক শেয়ার রয়েছে। তবে নতুন ট্যাপ টু শেয়ার পদ্ধতিতে পুরো প্রক্রিয়াটি আরও সহজ করা হয়েছে। ফোনে থাকা ছবি, ভিডিও, কনট্যাক্ট, লোকেশনের লিঙ্ক কিংবা অন্য কোনো প্রয়োজনীয় ফাইল দ্রুত অন্য ফোনে পাঠানো যাবে। এজন্য আলাদা করে দীর্ঘ সময় ধরে সেটিংস খোঁজার প্রয়োজন হবে না।
তবে আপাতত সব অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধা পাওয়া যাচ্ছে না। নির্বাচিত কিছু নতুন বা তুলনামূলক সাম্প্রতিক ডিভাইসে ফিচারটি চালু করা হয়েছে। পিক্সেল ৬ এবং পরবর্তী কিছু মডেলে অ্যান্ড্রয়েড ১৭-এর মাধ্যমে এই সুবিধা ব্যবহার করা যাচ্ছে। স্যামসাংয়ের সাম্প্রতিক কিছু ডিভাইসেও এটি দেখা যাচ্ছে।
কীভাবে কাজ করবে?
ট্যাপ টু শেয়ার ব্যবহার করা বেশ সহজ। প্রথমে যে দুটি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ফাইল পাঠানো হবে, সেগুলো আনলক করতে হবে। এরপর ফোন দুটিকে একে অপরের কাছাকাছি আনতে হবে। তারপর দুই ফোন পরস্পরের সঙ্গে টাচ করলেই ট্যাপ টু শেয়ার সক্রিয় হবে। এরপর কোন ছবি, ভিডিও, কনট্যাক্ট বা অন্য ফাইল পাঠানো হবে, তা নির্বাচন করা যাবে। প্রয়োজনীয় অনুমতি দেওয়ার পর শুরু হবে শেয়ারিং। ফাইল পাঠানো শেষ হলে ফোন দুটি আলাদা করে নিলেই সংযোগ শেষ হয়ে যাবে। অর্থাৎ কাজ শেষে আলাদা করে সংযোগ বন্ধ করার ঝামেলাও থাকছে না।
চাইলে বন্ধও করা যাবে
যারা এই সুবিধা ব্যবহার করতে চান না, তারাও চাইলে ট্যাপ টু শেয়ার বন্ধ করে রাখতে পারবেন। এজন্য ফোনের সেটিংসে গিয়ে গুগল অপশন নির্বাচন করতে হবে। এরপর কুইক শেয়ারে গিয়ে ট্যাপ টু শেয়ার অপশনটি খুঁজে সেটি বন্ধ করা যাবে।
গুগল জানিয়েছে, ট্যাপ টু শেয়ার শুধু কয়েকটি নির্দিষ্ট অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ধীরে ধীরে আরও অ্যান্ড্রয়েড ডিভাইসে এই সুবিধা চালু করা হবে। ফলে ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ফোনে ছবি বা ফাইল পাঠানোর ক্ষেত্রে কুইক শেয়ার আরও সহজ ও দ্রুত হয়ে উঠতে পারে। বিশেষ করে কাছাকাছি থাকা দুটি ফোনের মধ্যে মুহূর্তের মধ্যে প্রয়োজনীয় ফাইল পাঠানোর ক্ষেত্রে নতুন এই ফিচারটি বেশ কাজে আসবে।
তথ্য প্রযুক্তি থেকে আরো পড়ুন