ছবি: সংগৃহীত
জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির আড়ালে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির ও আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক আব্দুল ওয়াহেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে র্যাব-১৪ তাকে গ্রেফতার করে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে। সন্ধ্যায় জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার শুনানি শেষে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার আব্দুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির এবং মিলন বাজার ভাংবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। সমবায় সমিতির শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ ওঠার পর জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালে এক ভুক্তভোগী গ্রাহক আল আকাবা সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করার পর তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ডাবল মুনাফার লোভ দেখিয়ে সমিতিতে ১২ হাজার ৬৬১ জন সাধারণ গ্রাহকের জমা করা ৩৯১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়। আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে এ সংক্রান্ত অন্তত ৮টি গ্রেফতারি পরোয়ানা বিচারাধীন ছিল।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, র্যাবের সহায়তায় পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ উদ্ধারে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন